
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা জেলা কারাগারের বন্দী সিরাজুল ইসলাম (৫০) মারা গেছেন। বুধবার সকাল ৯টার দিকে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সিরাজুল ইসলাম পাবনা সদর উপজেলার দাপুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি একটি মারামারির মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে পাবনা জেলা কারাগারে ছিলেন।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার আখেরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ হয়ে পড়লে সিরাজুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেলা কারাগার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।
তিনি আরও জানান, সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ণয়ে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এরপর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।