
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে আব্দুল বারী নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরীর ডিঙ্গাডোবা বাকীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারী ওই এলাকার বদরুল্লাহর ছেলে। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, বহিরাগত কয়েকজন যুবক কয়েকদিন ধরে বাকীর মোড় এলাকায় মাদক বিক্রি করছিল। শনিবার বিকেলে এ নিয়ে আব্দুল বারীর সঙ্গে ওই যুবকদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে তারা সেখান থেকে চলে যায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার গভীর রাতে প্রায় ৫০ জনের মতো যুবক ওই এলাকায় আসে। তারা আব্দুল বারীকে তার বাসা থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল বারীকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের সদস্যরা এখনো থানায় মামলা করতে আসেননি। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত করা হবে।
তিনি বলেন, মামলা না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তিনিও শুনেছেন, মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে বিষয়টি আরও পরিষ্কার হবে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।