
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে বসতবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মো. হাসান আহমেদ ওরফে ইসমাইল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার হাজীপুর এলাকায় তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাজীপুর এলাকায় ইয়াবার একটি চালান বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিজ বসতবাড়ির শয়নকক্ষে অবস্থানরত হাসান আহমেদকে আটক করা হয়। পরে তাঁর দেহ ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৩০ গ্রাম।
গ্রেপ্তার হাসান আহমেদ শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল মান্নান শেখ এবং মায়ের নাম হাজেরা বেগম।
এ বিষয়ে ডিএনসির বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিল্লুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডিএনসি নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
এ ঘটনায় শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।