
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক গৃহবধূকে (৩৫) ধর্ষণের অভিযোগ উঠেছে তারই বড় চাচার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মকবুল হোসেন (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে ভুক্তভোগীর ভাবি সুমাইয়া বিবি বাদী হয়ে তানোর থানায় মামলাটি করেন। অভিযুক্ত মকবুল হোসেন তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের আড়াদিঘী গ্রামের মৃত খুশবোরের ছেলে এবং তিন সন্তানের জনক।
মামলার সূত্রে জানা গেছে, পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে চিকিৎসার কথা বলে ভুক্তভোগীকে তার স্বামীর বাড়ি মোহনপুর উপজেলা থেকে তানোরের আড়াদিঘী গ্রামে নিয়ে আসেন বড় চাচি ও চাচাতো ভাইয়ের স্ত্রী। এরপর গত বুধবার রাতে বাড়িতে একা থাকার সুযোগে বড় চাচা মকবুল হোসেন জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
মামলার বাদী সুমাইয়া বিবি জানান, ঘটনার পরদিন ভোরে তিনি ভুক্তভোগীর কক্ষে গিয়ে তাকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। এ সময় ভুক্তভোগী কান্নাজড়িত কণ্ঠে জানান, তার বড় চাচা তাকে ধর্ষণ করেছেন। বিষয়টি জানাজানি হলে অভিযুক্তের পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করেন এবং পরে ভুক্তভোগীকে তার স্বামীর বাড়িতে পৌঁছে দেন।
ভুক্তভোগীর স্বামী শরিফুল ইসলাম বলেন, “বাড়িতে ফিরে আসার পর থেকেই সে কান্নাকাটি করছিল। পরে শনিবার সকালে আমাকে পুরো ঘটনা জানায়। ১৬ বছর আগে আমাদের বিয়ে হয়েছে। আমাদের এক কন্যা সন্তানেরও বিয়ে হয়েছে। চিকিৎসার কথা বলে নিয়ে গিয়ে তার সঙ্গে এমন ঘটনা ঘটানো হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
ভুক্তভোগীর সৎ ভাই মানিক হাসান বলেন, “চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা বলা হলেও তার কোনো চিকিৎসা করা হয়নি। বরং বাড়িতে একা থাকার সুযোগে তাকে ধর্ষণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।”
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “ঘটনায় একজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।