
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার সংলগ্ন এলাকায় বালুবোঝাই একটি ডাম্প ট্রাকের ধাক্কায় আকরাম নামের এক দোকানি (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতা দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
মঙ্গলবার (৫ মে) সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরামের বাড়ি রাজশাহীর চারঘাট থানাপাড়া এলাকায়। তিনি পেশায় একজন দরজি ছিলেন এবং বিড়ালদহ মাজার এলাকায় তার একটি টেইলার্সের দোকান ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, তার বয়স প্রায় ৬০ বছর।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ডাম্প ট্রাক আকরামকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং দায়ী ট্রাকটিকে আটকে দেয়। খবর ছড়িয়ে পড়লে আরও লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে। একপর্যায়ে উত্তেজিত জনতা দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
এদিকে, ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরও রোষের মুখে পড়তে হয়। এসময় বিক্ষুব্ধ জনতা দৈনিক যায়যায় দিনের সাংবাদিক মোহাম্মদ আলীর ব্যবহৃত মোবাইল ফোন ভাঙচুর করে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে বাধার সম্মুখীন হলেও পরবর্তীতে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভায়।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, উত্তেজিত জনতা একপর্যায়ে পুলিশের প্রতিও ক্ষোভ প্রকাশ করে। পরে তারা কয়েকটি দাবি তুলে ধরে, যার মধ্যে দিনের বেলায় ওই সড়কে ডাম্প ট্রাক চলাচল বন্ধ এবং স্পিডব্রেকার স্থাপনের বিষয়টি উল্লেখযোগ্য। এসব দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।