
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনট উপজেলায় অবৈধ মাদকদ্রব্য সেবনের অপরাধে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার পূর্ব গুয়াডহরী ও নলডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে গ্রেপ্তাররা হলেন, ধুনট উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে রাকিবুল হাসান (২৫) এবং পাকরিহাটা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুল হাকিম (২০)।
রোববার (১৫ নভেম্বর) বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য সেবনের অপরাধে রাকিবুল হাসানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং আব্দুল হাকিমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে জব্দ করা আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও মাদকসংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
তিনি মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে অভিভাবকসহ সর্বস্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।