দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অধিক মূল্যে বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার আলিপুর বাজারে বাচ্চু ট্রেডার্সে পরিচালিত এ অভিযানে অনিয়মের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযান চলাকালে প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ অবস্থায় উদ্ধার করা হয়। এসময় দীর্ঘ সময় বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার অভিযোগও উঠে আসে। পরে উদ্ধারকৃত তেল ঘটনাস্থলে উপস্থিত ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।
উপজেলা প্রশাসন সুত্রে জানায়, অধিক মূল্যে তেল বিক্রি, অবৈধ মজুদ এবং সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে বাচ্চু ট্রেডার্সের সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় একটি মামলা ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এব্যাপরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন,“জ্বালানি” তেল অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা ও বেশি দামে বিক্রি করা একটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অনিয়ম বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
না/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।