
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী রেলকলোনী এলাকায় তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীর বাসায় অভিযান চালিয়ে তার স্বামীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন সেউজগাড়ী এলাকার বাসিন্দা মো. মকবুল হোসেনের ছেলে মো. খোকন (৪৫)। তিনি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোছা. নাহারের স্বামী বলে জানিয়েছে ডিএনসি।
ডিএনসি সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে সেউজগাড়ী রেলকলোনী এলাকায় অবস্থিত মোছা. নাহারের বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় খোকনের কাছ থেকে ৫ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডাদেশ দেন।
ডিএনসি জানিয়েছে, জব্দ করা ইয়াবা ট্যাবলেটগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও কঠোরভাবে পরিচালিত হবে।”
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।