
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জিবিএমএস কর্মপরিকল্পনার আওতায় সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পুনর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন।
সমাবেশে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, মাদক ও বাল্যবিবাহ রোধ, হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণ, সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধ এবং মানবিক মূল্যবোধ সৃষ্টিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। সূচনা বক্তব্য দেন পুনর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলিয়া খাতুন।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, রহনপুর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয়রা বক্তব্য দেন।
বক্তারা অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলো সফল করতে এবং মাদক, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে নারীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।