
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও চোলাইমদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা ও চার লিটার চোলাইমদ জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদমদীঘি উপজেলার চা বাগান এলাকার মৃত রাম রতনের ছেলে মো. শ্রী লাল (৫৬), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়নগর এলাকার মো. আলতাবের ছেলে মো. আরাফাত (২৬), বগুড়ার আদমদীঘি উপজেলার সান্দিরা এলাকার মো. রহমানের ছেলে মো. রাজু (৫০), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া এলাকার মো. বাবু মণ্ডলের ছেলে মো. ছালাম (৩২) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার বশিপুর সরদারপাড়া এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে মো. নিজাম উদ্দিন (৫৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পাঁচজনকে মাদকসহ গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তিনজনকে দুই মাস করে এবং দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে পাঁচজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে জব্দ করা গাঁজা ও চোলাইমদ বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।